জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মনিরা শারমিন এক ছাত্রলীগ নেতাকে বিয়ে করে সরকারি চাকরি গ্রহণ করেছিলেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ২০১৮ সালে মনিরা শারমিন তাদের সাথে আন্দোলনে থাকলেও পরবর্তীতে ক্যারিয়ারকে প্রধান্য দেন। তিনি অভিযোগ করেন, সরকারি চাকরিতে থাকাকালীন মনিরাকে কোনো অন্যায় বা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায়নি এবং জুলাই অভ্যুত্থানের শেষ দিকে এসে তিনি বড় নেত্রী হওয়ার চেষ্টা করছেন। হানিফ আরও বলেন, শেখ হাসিনার পতন না হলে মনিরা শারমিন এখনো সরকারি চাকরি করতেন এবং ফ্যাসিবাদের কোনো আঁচ তার গায়ে লাগত না। এই সময় তিনি নুসরাত তাবাসসুমদের ভূমিকার প্রশংসা করেন।
গণঅধিকার পরিষদের এই নেতা নুরুল হক নুরের পক্ষে সাফাই গেয়ে বলেন, ২০১৯ সালে নুর শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করলেও পরদিনই তাকে স্বৈরাচার বলে রাজপথে আন্দোলনে নামেন। আন্দোলনের কারণে নুর ও তার দলের নেতাকর্মীরা বারবার হামলার শিকার হয়েছেন এবং সবশেষ জুলাই আন্দোলনেও নুর রিমান্ডে ছিলেন। আবু হানিফ দাবি করেন, নুরুল হক নুরের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
এর আগে এনসিপি নেত্রী মনিরা শারমিন ফেসবুকে এক স্ট্যাটাসে নুরুল হক নুরের সমালোচনা করেছিলেন। তিনি লিখেছিলেন, নুর যখন জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, তখন তার পুরোনো দিনের কথা মনে পড়ে যখন নুর শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছিলেন।
এনসিপি নেত্রী মনিরা শারমিন ও গণঅধিকার পরিষদ নেতা আবু হানিফের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। ছাত্রলীগ নেতাকে বিয়ে ও সরকারি চাকরি নিয়ে বিস্ফোরক দাবি আবু হানিফের।



0 মন্তব্যসমূহ