পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী রবিবার রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। মস্কো থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এই সফরে তাঁর সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জ্বালানি নিরাপত্তা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং ইউক্রেন যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। মস্কোর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম মস্কো সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাশিয়া সফর করেছিলেন। খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়ে রাশিয়া একটি বিবৃতি দিয়েছে। সেখানে তাঁকে একজন দক্ষ পেশাদার ও বাস্তববাদী কূটনীতিক হিসেবে বর্ণনা করা হয়েছে। রাশিয়া আশা প্রকাশ করেছে যে, তাঁর নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বৈশ্বিক নানা সংকট নিরসনে জাতিসংঘ কার্যকর ভূমিকা পালন করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিন দিনের এই সফরে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।



0 মন্তব্যসমূহ