বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলহাজ উদ্দিন (২২) নামের এক তরুণ সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে উপজেলার মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ উদ্দিন উপজেলার রানীরহাট এলাকার লাউচা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি মির্জাপুরের একটি স্থানীয় দোকানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে দোকান থেকে খাবার খাওয়ার জন্য সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আলহাজ। এ সময় ঢাকাগামী 'উপমা পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস ফ্লাইওভারের ওপর দিয়ে না গিয়ে নিচের সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল। সার্ভিস লেনে বেপরোয়া গতির বাসটি পেছন থেকে আলহাজের সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বগুড়ার শেরপুরে মির্জাপুর ফ্লাইওভারের নিচে বাসের ধাক্কায় আলহাজ উদ্দিন নামের এক তরুণ সাইকেল আরোহী নিহত হয়েছেন। বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



0 মন্তব্যসমূহ