আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। রোববার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রস্তাবিত কমিটিতে সরকারের পক্ষ থেকে সাতজন এবং স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে রাখা হয়েছে। বাকি পাঁচটি সদস্য পদের জন্য বিরোধী দলের কাছে নাম চাওয়া হয়েছে। বিরোধী দল পরবর্তী সংসদ অধিবেশনে নাম দেওয়ার কথা জানিয়েছে। তাদের তালিকা পেলেই জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের কাজ শুরু হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো সম্পর্কে মন্ত্রী বলেন, এগুলো বাতিল করা হয়নি বরং আরও যাচাই-বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত সুপারিশগুলো যাচাই করে দ্রুতই এগুলোকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হবে।
এছাড়া মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। সোমবার আদালত খুললে প্রথম দিনেই মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রাখা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত এই মামলায় সর্বোচ্চ শাস্তি দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবিধান সংশোধন কমিটি গঠন ও বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া মিরপুরের শিশু রামিসা হত্যা মামলার বিচার নিয়েও কথা বলেন তিনি।
সূত্র: Barta Bazar


0 মন্তব্যসমূহ