Recents in Beach

ব্রেকিং নিউজ

রাত নামলেই রামুতে মাটি কাটার উৎসব, হুমকিতে কৃষিজমি-পাহাড়-নদী,প্রশাসনের নীরবতায় পরিবেশ ধ্বংসের শঙ্কা,স্থানীয়দের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলায় রাত হলেই শুরু হয় অবৈধভাবে মাটি কাটার মহোৎসব—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কৃষিজমি, পাহাড়, নদীসহ এমন কোনো স্থান নেই যেখানে মাটি কাটা হচ্ছে না। দিন-রাত শত শত ডাম্পার ট্রাক ও গাড়িতে এসব মাটি পরিবহন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবাধে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করছে। এতে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিপন্ন হচ্ছে। নদী ও খাল থেকে মাটি উত্তোলনের ফলে জলপ্রবাহও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী বলেন, প্রশাসনের সামনেই দিনের আলোতে এবং গভীর রাতে শত শত গাড়ি চলাচল করছে। তবুও কোনো অভিযান বা কঠোর ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। পরিবেশ সচেতন মহলের মতে, এভাবে চলতে থাকলে আগামী দিনে রামু উপজেলায় কৃষিজমি, পাহাড়, গাছপালা ও প্রাকৃতিক সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। এতে খাদ্য উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিও বাড়বে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ