কক্সবাজার-২ আসনের এমপি'র গাড়ি বহরের ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আওতাধীন বদরখালী ইউনিয়নর আহমদ কবিরের ঘাটা এলাকায় ২২ ফেব্রুয়ারি (রবিবার)বিকেলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া থেকে মহেশখালী ফেরার পথে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে বহনকারী গাড়িসহ নেতাকর্মীদের আরও দুইটি গাড়ি বহরে ছিল। বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকা অতিক্রমকালে বহরের সর্বশেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পথচারী এক শিশুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। নিহত শিশু মোহাম্মদ ওয়াদিল (৮) বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার তেচ্ছাপাড়া জামে মসজিদের পাশের গ্রামের বাসিন্দা আমান উল্লাহ (প্রবাসী) ও সুমাইয়া বেগমের সন্তান। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এমপির গাড়িতে থাকা মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল জানান, বহরের সামনে এমপির গাড়ি ছিল। পরে তারা জানতে পারেন পেছনের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে একটি শিশু আহত হয়ে পরবর্তীতে মারা যায়। একই বহরে থাকা মহেশখালীতে কর্মরত সাংবাদিক ফারুক ইকবাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এমপি আলমগীর ফরিদ বদরখালী সেতু থেকে প্রায় আধা কিলোমিটার পেছনে ঘটনাস্থলে পৌঁছান। শিশুটির মৃত্যুর খবরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি ও যাত্রীদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় এমপিকে বহনকারী গাড়িটি নিরাপদে সেতুর ওপারে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় তারা কিছু সময় অবস্থান করেন। ঘটনায় গভীর শোক প্রকাশ করে এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ