ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিলের মূল উদ্দেশ্য পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। যারা জাগতিক বা দুনিয়াবি উদ্দেশ্য সাধনের জন্য এই মাহফিলে উপস্থিত হন, তাদের আসার কোনো প্রয়োজন নেই। যদি কেউ এসেও থাকেন, তবে নিজের নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধি অর্জনের তাগিদ দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার চরমোনাই দরবারে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের জুমার নামাজের পর উদ্বোধনী বয়ানে আগত মুসল্লিদের উদ্দেশে তিনি এই কথা বলেন। পীর রেজাউল আরও বলেন, মুসল্লিদের একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আত্মশুদ্ধির প্রত্যয় নিয়েই এই মাহফিল থেকে বিদায় নিতে হবে। তিন দিন মাহফিলে অবস্থান করে মন থেকে আমিত্বের ভাব দূর করে নিজেদের আল্লাহর দরবারে সোপর্দ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আল্লাহর জিকিরের মাধ্যমে মনকে সজীব রাখার কথা বলেন। উদ্বোধনী বয়ানের আগে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে সেখানে জুমার নামাজ আদায় করা হয়। জুমার জামাতের আগে বয়ানকালে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পূর্বে প্রতিটি ব্যক্তিকে নিজ নিজ ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে ব্যক্তিগত জীবনে কায়েম হলে সমাজ এবং রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও সুগম ও ত্বরান্বিত হবে। এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ জানান, মাহফিলে যোগ দিতে আসা মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ এবং নামাজের সঠিক নিয়মকানুন হাতে-কলমে শেখানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই তাদের বিভিন্ন হালকায় বিভক্ত করে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
দুনিয়াবি উদ্দেশ্য বাদ দিয়ে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত নিয়ে চরমোনাই মাহফিলে থাকার আহ্বান জানিয়েছেন পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।



0 মন্তব্যসমূহ