আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। গত মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালত এই তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা করেছিল। আদালত জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল আটটায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন। এই রায়ের প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে করা অন্য মামলাগুলোর ওপরও পড়তে পারে। এর মধ্যে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলাও রয়েছে। মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। রোহিঙ্গা শরণার্থীরা ওই সময় হত্যা, ব্যাপক ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন জানিয়েছে, ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল। তবে মিয়ানমার গণহত্যার এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে করা এই মামলায় এক দশকের বেশি সময় পর রায় হতে যাচ্ছে। এ ধরনের মামলায় আদালতের ইতিহাসে এটি হবে তৃতীয় রায়। এই রায়ের প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে করা অন্য মামলার ওপরও পড়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে গাজার প্রসঙ্গটিও অন্তর্ভুক্ত।
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৯ নভেম্বর। ২০১৯ সালে গাম্বিয়া এই মামলা করেছিল।



0 মন্তব্যসমূহ