উখিয়ার পালংখালীর থাইংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরল আমিনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে উখিয়া থানায় ভুক্তভোগীর ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় রফিক উদ্দিন, সরওয়ার কামাল, আলমগীর, মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন, মো. ইউছুপ, মো. নুরুল আকতার, মিজানুর রহমান, রিফাত আল মোহাম্মদ নিশান, নুরুল হাকিম মনু ও মো. আবছারসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে প্রকাশ, গত ৮ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে পালংখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলাপাড়া এলাকার ১৯ নম্বর ক্যাম্পের চেকপোস্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র, চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, লোহার হাতুড়ি ও রড নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিদের এলোপাতাড়ি মারধর ও কোপে নুরুল আমিন এবং মিজানুর রহমান গুরুতর জখম হন। হামলায় নুরুল আমিনের শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ার পাশাপাশি তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং পাঁচটি দাঁত পড়ে গেছে। এছাড়া হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগে বলা হয়েছে। ঘটনার পরপরই আহত নুরুল আমিনকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে যে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক ও শংকামুক্ত নয়। এদিকে এই হামলার ঘটনার পর গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। উখিয়া থানা পুলিশ এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
উখিয়ায় বিএনপি নেতা নুরল আমিনের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হামলায় তার ডান চোখ নষ্ট ও ৫টি দাঁত পড়ে যায়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।



0 মন্তব্যসমূহ