যশোরের বেনাপোলে শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বেনাপোল বলফিল্ড এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না এবং দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। অতীতে সাধারণ মানুষের ওপর অন্যায়, অত্যাচার, গুম-খুন ও ভোটাধিকার হরণের রাজনীতি জনগণ ভুলে যায়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসনের পতনের পর জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি অধিকার কেড়ে নিতে না পারে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ ছাড়া শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন এবং পরে শান্তিপূর্ণভাবে তা সমাপ্ত হয়।
যশোরের বেনাপোলে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।



0 মন্তব্যসমূহ