Recents in Beach

ব্রেকিং নিউজ

টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়াতে তরঙ্গের ব্যয় কমানোর দাবি মোবাইল অপারেটরদের

টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়াতে তরঙ্গের ব্যয় কমানোর দাবি মোবাইল অপারেটরদের

দেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক উন্নয়ন, নেটওয়ার্কের মানোন্নয়ন এবং সারা দেশে সংযোগের পরিধি বাড়াতে তরঙ্গ নবায়নের খরচ কমানোর দাবি জানিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। পাশাপাশি তরঙ্গের ফি পরিশোধের শর্তগুলোতে নমনীয়তা দেখানোর আহ্বান জানানো হয়েছে। রাজধানীর বনানীতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার। সংবাদ সম্মেলনে অপারেটরদের প্রতিনিধিরা জানান, এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং বৈশ্বিক গড়ের তুলনায় বাংলাদেশের টেলিকম খাতে মোট রাজস্বের বিপরীতে তরঙ্গের পেছনে ব্যয়ের পরিমাণ অনেক বেশি। অথচ এর বিপরীতে গ্রাহকপ্রতি গড় আয় বা এআরপিইউ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিচালন ব্যয় ও নেটওয়ার্ক সম্প্রসারণের খরচ। তাঁদের মতে, তরঙ্গের উচ্চ মূল্যের কারণে সেবার মান উন্নত করা এবং নেটওয়ার্ক উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ ব্যাহত হচ্ছে। তাই টেলিযোগাযোগ খাতের বর্তমান রাজস্ব পরিস্থিতি, বাজারের বাস্তবতা, ভবিষ্যৎ বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করে তরঙ্গের মূল্য নির্ধারণ করার আহ্বান জানান তাঁরা। গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, কুড়ি বছরের তরঙ্গের লাইসেন্সের মূল্য পনেরো বছরের লাইসেন্সের দামের সাথে সরাসরি আনুপাতিক হারে নির্ধারণ করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। বাজারের চাহিদা ও প্রযুক্তির পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকি বিবেচনা করেই এর দাম নির্ধারণ করা উচিত। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, স্পেকট্রামের মূল্য নির্ধারণ করা দরকার এই খাতের প্রকৃত রাজস্ব এবং বিনিয়োগ ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে। একটি ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব কাঠামো তৈরি হলে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মান উন্নত করা সহজ হবে বলে মনে করেন অপারেটররা।

সংক্ষেপে:
টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক উন্নয়ন ও সেবার মান বাড়াতে তরঙ্গের ব্যয় কমানো এবং ফি পরিশোধের শর্তে নমনীয়তা চেয়েছেন দেশের মোবাইল ফোন অপারেটররা।
টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়াতে তরঙ্গের ব্যয় কমানোর দাবি মোবাইল অপারেটরদের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ