দেশের তাসাউফ চর্চার অন্যতম বড় ধর্মীয় আয়োজন চরমোনাই দরবারের বাৎসরিক অগ্রহায়ণ মাহফিল আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে সাড়ে তিন দিনব্যাপী এই মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আগামী ৩০ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। ঐতিহাসিক এই মাহফিলকে আত্মশুদ্ধির মহামিলন কেন্দ্র হিসেবে উল্লেখ করে এর সর্বাঙ্গীন সফলতা কামনা করেছে জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এবং ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মুফতি বাকি বিল্লাহ এই সফলতা কামনা করেন। বিবৃতিতে তারা উল্লেখ করেন যে, চরমোনাইর এই আত্মশুদ্ধির মাহফিলে অংশ নিয়ে পথভোলা মানুষ সঠিক দিকনির্দেশনা লাভ করেন এবং আল্লাহমুখী হওয়ার তৌফিক পান। যারা নানা পাপাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তারা এই আয়োজনের মাধ্যমে তা থেকে ফিরে এসে নামাজ, রোজা ও দ্বীনের পথে জীবন পরিচালনার সঠিক দিশা পেয়ে থাকেন বলে জানান নেতৃদ্বয়। পরিশুদ্ধ জীবন গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। জাতীয় তাফসীর পরিষদের মিডিয়া সমন্বয়ক মুফতি মুহিউদ্দিন জিলানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বরিশালের চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে আজ জুমার পর থেকে শুরু হচ্ছে সাড়ে তিন দিনব্যাপী বাৎসরিক অগ্রহায়ণ মাহফিল। ৩০ নভেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এই ধর্মীয় আয়োজন শেষ হবে।



0 মন্তব্যসমূহ