রাজপথে নিজেদের আন্দোলন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল পানির ট্যাংকি মোড়, দৈনিক বাংলা মোড় ও গুলিস্তান জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। সমাবেশে দলের সভাপতি নুরুল হক নুর আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তিনি বলেন, ২০২১ সালে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলেও গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের হাত ধরে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে দলটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে সময় অনেকে রাজপথে অনুপস্থিত থাকলেও গণঅধিকার পরিষদের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। নুরুল হক নুর আরও জানান, মোদিবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত তাদের সংগঠনের ১২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। রক্ত ও ত্যাগের বিনিময়ে দলটির ইতিহাস রচিত হয়েছে এবং কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ বা ক্ষমতার সমীকরণ দিয়ে এই আত্মত্যাগকে অস্বীকার করা সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রভাব থেকে বেরিয়ে এসে প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে তাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দেশের রাজনীতি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আদর্শে পরিচালিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে নুরুল হক নুর বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েমের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ খর্ব করা হলে দেশ পুনরায় সংকটে পড়বে। এ সময় তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে ভারতের বিজেপির তুলনা করেন। দেশে ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিশ্চিত করাই রাজনৈতিক দলগুলোর মূল অঙ্গীকার হওয়া উচিত। অতীতের স্বৈরাচারী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি রোধে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়।



0 মন্তব্যসমূহ