রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ক্যাম্পাস সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত একটি মিছিল করেন। মানববন্ধনে চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের প্রাণভোমরা। শেখ হাসিনার আমলেও গণমাধ্যমের ওপর নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতা ছিল। ১২ ফেব্রুয়ারির মাধ্যমে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এর প্রধান বাধা হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছেন, তাদের মুখ চেপে ধরছেন। একটি গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের জন্য এটি অত্যন্ত লজ্জার। চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, আমরা যদি ৫ আগস্টের আগের ক্যাম্পাসের বাস্তবতা দেখি, পুরো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। তাদের কার্যক্রম ক্যাম্পাসে তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল ক্যাম্পাস সাংবাদিকরা। কিন্তু ৫ আগস্টের পর তারা ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ক্যাম্পাস প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব হামলার একটিরও বিচার হয়নি। এভাবে ক্রমাগত চলতে থাকলে আমরা যে কারও কর্মসূচি বর্জন করতে এক পা-ও পিছপা হব না। চবিসাসের অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন বলেন, সারাদেশের চিত্র দেখলে অন্তত ২০টি ঘটনায় ৩৫ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। রাবির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও থানার ভেতরে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটেছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাবিতে সাংবাদিকদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক দলগুলোর সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিকরা হামলার শিকার হন, তাহলে এটি অত্যন্ত উদ্বেগজনক। মানববন্ধনে তিনটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনা নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; এবং চবিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন করতে হবে। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও কালো কাপড় বেঁধে মিছিল করেছেন ক্যাম্পাস সাংবাদিকরা।



0 মন্তব্যসমূহ