Recents in Beach

ব্রেকিং নিউজ

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি নাহিদ ইসলামের

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি নাহিদ ইসলামের

ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা কাম্য নয়, তবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষা হচ্ছে কি না, সেটাই মূল প্রশ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের সামনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে এই স্মরণসভার আয়োজন করা হয়। ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও গঙ্গার পানিবণ্টনের নতুন চুক্তি কীভাবে হচ্ছে, তার মাধ্যমে তা প্রমাণ করতে হবে। এই চুক্তি কেবল নবায়ন না করে নতুন করে স্বাক্ষর করতে হবে এবং নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। নদীতে নাব্যতা বজায় রাখতে ন্যূনতম প্রবাহ নিশ্চিত করা এবং শুষ্ক মৌসুমে ঘাটতি সমানভাবে নেওয়ার গ্যারান্টি ক্লজসহ নতুন করে গঙ্গা চুক্তি করার দাবি জানান তিনি। এ সময় বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু বোয়িং বিমান কিনলে চলবে না, বরং গঙ্গার পানিচুক্তির নবায়ন বা নতুন চুক্তি সম্পাদনে বাংলাদেশের স্বার্থ কতটা আদায় করা সম্ভব হয়, সেটাই দেখার বিষয়। গঙ্গা চুক্তি সহ আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই চুক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া হবে। আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তৎকালীন সরকারের ফ্যাসিস্ট ছাত্রসংগঠন ছাত্রলীগের সমালোচনার কারণে তাঁকে নির্যাতন করা হয়েছিল। সব আইনি প্রক্রিয়া শেষ করে আবরার ফাহাদ হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবিও জানান তিনি। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক, এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের সভাপতিত্বে এবং এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, আবরারের বাবা বরকত উল্লাহ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও মাহফুজ আলম, এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান।

সংক্ষেপে:
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও নদী ব্যবস্থাপনায় অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি নাহিদ ইসলামের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ