যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার চেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। সাদিক কায়েম বলেন, বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কিছু সদস্য এই অপচেষ্টা চালিয়েছে। তিনি জুলাই গণহত্যা ও ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া সুস্থ রাজনৈতিক সংস্কৃতি অসম্ভব বলে উল্লেখ করেন। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও আওয়ামী লীগের নেটওয়ার্কের অপতৎপরতার কথা তুলে ধরে তিনি সন্ত্রাসী নেটওয়ার্কের মূলোৎপাটন এবং দলটির বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া বিদেশের মাটিতে এমন ঘটনায় সরকারের নির্লিপ্ততায় হতবাক হওয়ার কথা জানিয়ে তিনি দূতাবাসগুলোকে সক্রিয় করা এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে এসব ঘটনায় কোনো কর্মকর্তার যোগসাজশ বা প্রশ্রয় থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বিদেশে দেশের নাগরিকদের নিরাপত্তা দাবি করেছেন।



0 মন্তব্যসমূহ