অপরাজনীতির করুণ পরিণতি বিএনপিকে বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। মিটফোর্ডের পাথরকাণ্ডে নিহত সোহাগের মরদেহ পুরো দেশকে কাঁদিয়েছিল উল্লেখ করে তিনি জানান, এবার নিজ দলের ক্যাডার বাহিনীর সদস্যদের হাতে খুন হয়েছেন নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। স্থানীয় এক সংসদ সদস্যের দুইপুত্রের কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে তিনি দাবি করেন। এমন একজন স্থানীয় গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর পরও কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির নীরব ভূমিকা অত্যন্ত বিস্ময়কর বলে মন্তব্য করেন ডাকসু ভিপি। তার মতে, দলীয় স্বার্থ ও রাজনৈতিক হিসাব-নিকাশের কাছে প্রতিবাদ যদি জিম্মি হয়ে পড়ে, তবে সেই প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। গত দুই বছর ধরে বিএনপির বেপরোয়া কার্যক্রমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও তিনি অভিযোগে জানান। দলীয় প্রশ্রয় পাওয়ার কারণে নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাস, খুন এবং ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং অপরাধ গুরুতর হলেও নামেমাত্র বহিষ্কার করে তাদের ছাড় দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রাজনীতির এই প্রতিহিংসা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও নিরাপদ নন। তাই অবিলম্বে সন্ত্রাস ও এর পৃষ্ঠপোষকতা বন্ধ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে এই অপরাজনীতির করুণ পরিণতি তাদের ভোগ করতে হবে বলে সতর্ক করেন সাদিক কায়েম।
অপরাজনীতির করুণ পরিণতি বিএনপিকে বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। নিজ দলের ক্যাডারদের হাতে নাটোর পৌর ছাত্রদলের নেতার নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।



0 মন্তব্যসমূহ