নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ৪২ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত ৬ থেকে ৮ অক্টোবর নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, অনলাইন জুয়ায় টাকা হেরে যাওয়ায় ব্যাংকের একাধিক কর্মকর্তা এই ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বপন, হাসান আলী, ব্যাংক কর্মকর্তা সুজন ও আবু তালেব, অফিস সহায়ক রাসেল বাবু এবং মোটরসাইকেল মালিক রাব্বি আলী। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের দুই ক্যাশিয়ার ও অফিস সহায়ক আদমদীঘি রেলগেট থেকে ৩৪ লাখ টাকা নিয়ে আবাদপুকুর বাজার শাখার উদ্দেশে রওনা হন। রানীনগরের পারইল বাজার পার হওয়ার পর একটি মোটরসাইকেল তাদের পথরোধ করে এবং মারধর করে টাকা ছিনিয়ে নেয়। তদন্তে জানা যায়, অফিস সহায়ক রাসেল, কর্মকর্তা সুজন ও আবু তালেব অনলাইন জুয়ায় ৭ থেকে ৮ লাখ টাকা হেরে যাওয়ার পর এই ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন ক্যাশিয়ার নাজমুল প্রকৃত ভিকটিম হলেও অফিস সহায়ক রাসেল বাবু ছিলেন সাজানো ভিকটিম, যিনি সহযোগীদের অবস্থান জানাচ্ছিলেন। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁর রানীনগরে অনলাইন জুয়ায় হেরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও মোটরসাইকেল।



0 মন্তব্যসমূহ