Recents in Beach

ব্রেকিং নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জাদুঘরে অনুষ্ঠিত হলো শিল্পীদের দিনব্যাপী আর্টক্যাম্প

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জাদুঘরে অনুষ্ঠিত হলো শিল্পীদের দিনব্যাপী আর্টক্যাম্প

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ক্যানভাসে ধরে রাখতে দিনব্যাপী এক আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্যোগে ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শিরোনামে এই আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের খ্যাতনামা প্রবীণ ও নবীন প্রজন্মের শিল্পীরা এতে অংশ নিয়ে রংতুলিতে ফুটিয়ে তোলেন অভ্যুত্থানের বিভিন্ন অধ্যায়।

সকাল ১০টায় ছবি আঁকার এই পর্ব শুরু হয়। বেলা একটার দিকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত এই আর্টক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনার মতো ফ্যাসিবাদবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানেও দেশের শিল্পিত সমাজ সাহসী ভূমিকা পালন করেছে। ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ ও দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।

আর্টক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, গণভবন হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রীর এই বাসভবনকে অভ্যুত্থানের পর জাদুঘরে রূপান্তর করা হয়েছে। ফ্যাসিবাদের গুম, খুন ও নির্যাতনের কথা যেন মানুষ ভুলে না যায় এবং প্রজন্মের পর প্রজন্ম যেন গবেষণা ও দালিলিক প্রমাণের মাধ্যমে জুলাইয়ের ঘটনা জানতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, শিল্পীদের তৈরি এসব শিল্পকর্ম জাদুঘরে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে।

আর্টক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পী অমল আকাশ, নাজিয়া আন্দালিব প্রিমা, অধ্যাপক মোস্তাফিজুল হক, মোস্তাফা জামান, নাসিম আহমেদ নাদভি, নাইমা হক, জাফরিন গুলশান ও ফারজানা আহমেদ উর্মিসহ অন্যান্য শিল্পীরা তাঁদের ক্যানভাসে প্রতিরোধ, প্রতিবাদ, সাহস, শোক, যন্ত্রণার অভিব্যক্তি এবং অভ্যুত্থানের বিভিন্ন পটভূমি ও স্মৃতি তুলে ধরেন।

সংক্ষেপে:
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী আর্টক্যাম্পে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে অভ্যুত্থানের নানা ঘটনা ও প্রতিবাদী চিত্র।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জাদুঘরে অনুষ্ঠিত হলো শিল্পীদের দিনব্যাপী আর্টক্যাম্প

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ