পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে তোলা বালু বহনকারী ভারী যানবাহনের চলাচলের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা তৈরি হয়েছে। এর ফলে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে তীব্র ক্ষোভ প্রকাশ এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারি শহীদ মোল্লার মোড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছে। সেই বালু পরিবহনে ভারী যান চলাচল করায় সড়কটির পিচ ও ঢালাই উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে রাস্তাটিতে পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাঁড়া ইউনিয়নের ইলশামারি মোড় থেকে শুরু হয়ে মাজদিয়া গ্রাম ও ইপিজেডের সামনে গিয়ে শেষ হওয়া এই সড়কটি প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ। ইপিজেড, বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করে যাতায়াত করেন। সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে অবৈধ ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের উদ্যোগে রাস্তার খানাখন্দ বালি দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। ক্ষুব্ধ এলাকাবাসীর ভাষ্যমতে, এই সড়কের পাশেই ঈশ্বরদী ইপিজেড এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দেশের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার শ্রমিক নিয়মিত এই পথ দিয়ে যাতায়াত করেন। এছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ছোট শিক্ষার্থীরা প্রায়ই এই ভাঙা ও পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে। পাশাপাশি, অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়াও দুরূহ হয়ে পড়েছে। ভুক্তভোগীরা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ, ভারী যান চলাচল রোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসার মোহাম্মদ শোয়াইব জানান, এই সড়কগুলো সংস্কারের প্রস্তাবনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং কিছু কিছু সড়কে কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এই সড়কটির সংস্কার কাজও শুরু করা হবে। এছাড়া বালুবাহী অবৈধ যানবাহন চলাচল বন্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালুবাহী যানবাহনের চলাচলে বেহাল হয়ে পড়া সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।
-6abb98354ab38.webp)


0 মন্তব্যসমূহ