আগামী চার বছরের মধ্যে দেশের সকল নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্রপতির স্ত্রীও এই কার্ড পাবেন এবং তালিকা থেকে কেউ বাদ যাবেন না। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, একই সময়ের মধ্যে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। এ সময় ১১ দলীয় ঐক্যের সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে অহেতুক এসব কর্মসূচি নেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, দেশে যদি তেলের সংকট থাকত তবে ১১ দল কীভাবে লং মার্চ করল, আর লং মার্চ করলেই যদি সমস্যার সমাধান হতো তবে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লং মার্চ করত। একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় শিক্ষকদের কথা ভাবেনি বলে মন্তব্য করে তিনি বলেন, কেবল তারেক রহমানই তাদের নিয়ে ভেবেছেন। বর্তমান সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। কোনো অপতৎপরতাই সফল হবে না এবং সরকার নিজস্ব গতিতেই পরিচালিত হবে বলে উল্লেখ করেন তিনি। পরে শহীদ আবু সাঈদের কবর ও বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মীর শাহে আলম। এ সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার বছরের মধ্যে সবার জন্য ফ্যামিলি ও কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।



0 মন্তব্যসমূহ