Recents in Beach

ব্রেকিং নিউজ

মাদ্রাসা শিক্ষায় হস্তক্ষেপ ও ৫ মাসের দুঃশাসনের প্রতিবাদে নাঙ্গলকোটে গর্জে উঠল জামায়াতে ইসলামী

মাদ্রাসা শিক্ষায় হস্তক্ষেপ ও ৫ মাসের দুঃশাসনের প্রতিবাদে নাঙ্গলকোটে গর্জে উঠল জামায়াতে ইসলামী

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে আল-হেরা হোসাইন বিন সালেহ একাডেমি মিলনায়তনে এই কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ টি এম মাছুম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত পাঁচ মাসের শাসনামলে সরকার প্রমাণ করেছে তারা জনগণের পক্ষে নেই। তিনি অভিযোগ করেন, এই অল্প সময়েই দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও খুনের রাজত্ব কায়েম হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেও তিনি মন্তব্য করেন।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ আটজন ধর্মপ্রাণ কর্মকর্তাকে সরিয়ে সেখানে বিতর্কিত ব্যক্তিদের বসানো হয়েছে। এছাড়া পাঠ্যপুস্তক থেকে ইসলামী দর্শন বইটি বাদ দিয়ে সূফীবাদ নামে মাজার পূজারী ভিত্তিক বই অন্তর্ভুক্ত করারও তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে এসব অনিয়মের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার হতে হবে এবং দেশে ইনসাফ কায়েমে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তব্যে তিনি বিএনপির এক কেন্দ্রীয় নেত্রীর যাকাত সংক্রান্ত মন্তব্যেরও সমালোচনা করেন।

নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং পৌরসভা আমীর হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং ইসলামিক স্কলার মুফতি মাওলানা আ.ন.ম মাঈন উদ্দিন সিরাজী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী এবং পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষেপে:
নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষাশিবিরে সরকারের ৫ মাসের শাসনের সমালোচনা ও মাদ্রাসা শিক্ষায় হস্তক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে। ইনসাফ কায়েমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
মাদ্রাসা শিক্ষায় হস্তক্ষেপ ও ৫ মাসের দুঃশাসনের প্রতিবাদে নাঙ্গলকোটে গর্জে উঠল জামায়াতে ইসলামী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ