ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের ফলে সৃষ্ট ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেন ও ফ্রান্স। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। অন্যদিকে, আটলান্টিক উপকূলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে জরুরি সহায়তা চেয়েছে ফ্রান্স।
ফ্রান্সের পর্যটন সমৃদ্ধ ক্যাপ ফেরে উপদ্বীপের ঘরবাড়ির কাছাকাছি আগুনের শিখা পৌঁছে যাওয়ায় এলাকাটি সম্পূর্ণ খালি করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অনেককে নৌকায় করে উদ্ধার করা হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ স্থানীয় গণমাধ্যমকে জানান, ক্যাপ ফেরে অঞ্চলের উত্তরাঞ্চলীয় সামোসে শুরু হওয়া এই দাবানলটি চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। আগুনে ইতিমধ্যে ১০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ৮০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকা থেকে ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা আভিলা প্রদেশসহ বিভিন্ন অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মারলাস্কা আরও জানান, তীব্র উত্তাপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় সহজ করতে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্পেনের ইতিহাসে দাবানলের কারণে এমন উচ্চমাত্রার সতর্কতা জারির ঘটনা এটিই প্রথম। পরিস্থিতি সামাল দিতে স্পেনও ইইউর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন ও ফ্রান্স। স্পেনে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ফ্রান্সে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।


0 মন্তব্যসমূহ