জনকল্যাণ সুনিশ্চিত করতে ‘কথা কম, কাজ বেশি’—এই নীতিকে প্রাধান্য দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান। রবিবার (২৬ জুলাই) ঢাকা-১৮ আসনের অন্তর্গত ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন যে, জনগণের মাঝে বিএনপির প্রতি আস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ের টানা ভারী বৃষ্টির কারণে চলমান উন্নয়নকাজে কিছুটা স্থবিরতা দেখা দিলেও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসক জানান, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এই পরিদর্শন কার্যক্রমে ডিএনসিসি প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
কথা কম কাজ বেশি নীতিতে জনকল্যাণ নিশ্চিতের ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। ঢাকা-১৮ আসনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি দ্রুত সংস্কার কাজ শেষ করার আশ্বাস দেন।



0 মন্তব্যসমূহ