টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা ও আলোচিত কনটেন্ট নির্মাতা কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শোক প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি কবির হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কবির হোসেন একজন পরিচিত ও সংগ্রামী মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। প্রতিমন্ত্রী শীঘ্রই তার পরিবারের সদস্যদের সাথে দেখা করার ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
জানাজায় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মির ফরহাদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে উপস্থিত সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, সম্প্রতি টাঙ্গাইলে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর কবির হোসেনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাকে নিয়ে অনলাইনে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হলেও পরবর্তীতে সাংবাদিক ও কৃষি কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত করেন। এরপরও তার ছবি ব্যবহার করে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ভার্চুয়ালি অংশ নিয়ে শোক প্রকাশ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
-6a3b84cbd1cf1.webp)


0 মন্তব্যসমূহ