নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচি সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু সায়েম এবং প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আবু হাসান শেখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। মূল আলোচক হিসেবে উপস্থিত বেটস-এর জিআইএস এনালিস্ট মাহফুজুর রহমান জানান, কিশোরগঞ্জ উপজেলার সাথে পার্শ্ববর্তী উপজেলাগুলোর সংযোগ সড়কগুলো উন্নয়নের আওতায় আনা হবে। এই কর্মশালার মাধ্যমে সড়কগুলো চিহ্নিত করে প্রস্তাবনা আকারে পেশ করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) ও আরসিআইপি প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এডিবির অর্থায়নে এলজিইডির এই উদ্যোগে উপজেলার সংযোগ সড়কগুলোর উন্নয়নে বিশেষ প্রস্তাবনা তৈরি করা হবে।



0 মন্তব্যসমূহ