ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এই মেগা চুক্তির অংশ হিসেবে বর্তমানে চার দিনের সরকারি সফরে ফ্রান্সে অবস্থান করছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার এই সফরকে কেবল সৌজন্যমূলক নয়, বরং প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত ইতোমধ্যে যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রস্তাব ফ্রান্সের কাছে পাঠিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স এর মূল্য ও উৎপাদন সক্ষমতা নিয়ে বিস্তারিত জানাবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা। এই সফরে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং রাফালের নির্মাতা প্রতিষ্ঠান ‘ডাসো অ্যাভিয়েশন’ এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী সংস্থা ‘এমবিডিএ’-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় ভারতে যুদ্ধবিমান উৎপাদন এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে যুদ্ধবিমানের তীব্র সংকট রয়েছে। অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের বিপরীতে বর্তমানে মাত্র ২৯টি সচল আছে। বিশেষ করে পুরোনো মিগ-২১ বিমানগুলো অবসরে যাওয়ায় এই শূন্যতা তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণে ১১৪টি মাল্টিরোল ফাইটার জেট কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় ১১৪টি বিমানের মধ্যে ২০টি সরাসরি ফ্রান্স থেকে আসবে এবং বাকি ৯৪টি ভারতেই তৈরি করা হবে। এই প্রকল্পে অন্তত ৫০ শতাংশ স্থানীয় যন্ত্রাংশ ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী জুনের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের সম্ভাবনা রয়েছে, যা এই ‘গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট’ চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে সহায়ক হবে। এই চুক্তি সফল হলে নৌবাহিনীর জন্য নির্ধারিত বিমানসহ ভারতের মোট রাফাল বহরের সংখ্যা দাঁড়াবে ১৭৬টিতে। এর ফলে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত। বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং বর্তমানে ফ্রান্সে গুরুত্বপূর্ণ সফরে রয়েছেন। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই মেগা চুক্তি বাস্তবায়িত হতে যাচ্ছে।



0 মন্তব্যসমূহ