বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে দিতে নিজেদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ফুটবল ভক্তদের জন্য তৈরি এসব সুবিধার মাধ্যমে ম্যাচের তাৎক্ষণিক ফলাফল, সরাসরি আলোচনা এবং বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজেই পাওয়া যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডসে পর্যায়ক্রমে এই সুবিধাগুলো চালু করা হচ্ছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ চলাকালীন ব্যবহারকারীদের খেলার সাথে সম্পৃক্ত রাখতে খেলোয়াড়, জাতীয় দল ও কনটেন্ট নির্মাতাদের সাথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইনস্টাগ্রামে একটি বিশেষ বিভাগ খোলা হয়েছে, যেখানে রিলস, স্টোরিজ ও বিভিন্ন দলের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এছাড়া মেসেজে 'গোল!' ভয়েস ইফেক্ট ব্যবহারের মাধ্যমে বিশেষ অ্যানিমেশন দেখার সুযোগ থাকছে।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে 'ফুটবল মোড'। নিউজ ফিডের লোগোতে দুবার ট্যাপ করে এটি সক্রিয় করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে 'ওয়্যার ইট' ফিচারের সাহায্যে ভক্তরা নিজেদের পছন্দের দলের জার্সি ভার্চ্যুয়ালি পরে ছবি শেয়ার করতে পারবেন। মেসেঞ্জারে যুক্ত হওয়া 'লাইভ আপডেটস' ফিচারের মাধ্যমে গ্রুপ চ্যাটেই ম্যাচের গোল বা কার্ড সংক্রান্ত তথ্য মিলবে।
হোয়াটসঅ্যাপে ফুটবল ডিরেক্টরি ও বিশেষ ভিডিও কল ইফেক্ট যুক্ত করা হয়েছে। অন্যদিকে, থ্রেডসে সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো ও ইয়ান রাইটের পরিচালনায় লাইভ চ্যাটে অংশ নিতে পারবেন ফুটবলপ্রেমীরা। বড় এই আসরকে ঘিরে অনলাইনে টিকিট জালিয়াতি বা আর্থিক প্রতারণা রুখতে বিশেষ নিরাপত্তা সতর্কবার্তাও প্রদান করবে মেটা।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আনল মেটা। এখন থেকে ঘরে বসেই পাওয়া যাবে ম্যাচের লাইভ আপডেট ও প্রিয় দলের জার্সি পরার সুযোগ।



0 মন্তব্যসমূহ