ফিলিপাইনের পূর্ব উপকূল সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একটি বিমানবাহী রণতরী বহর সামরিক মহড়া পরিচালনা করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে জানানো হয়, চীনের বিমানবাহী রণতরী ‘লিয়াওনিং’ এবং এর সাথে থাকা অন্যান্য যুদ্ধজাহাজগুলো গত ২৬ থেকে ২৮ মে পর্যন্ত ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্ব জলসীমায় অবস্থান করছিল।
জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের তথ্য অনুযায়ী, মহড়া চলাকালীন রণতরী থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রায় ১৭০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে। চীনা নৌবহরটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে টহল দেওয়ার সময় জাপানের মিয়াকোজিমা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৫৯০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছিল। শুক্রবারের তথ্য অনুযায়ী, লিয়াওনিং রণতরীটি ফিলিপাইন উপকূল ধরে দক্ষিণ-পূর্ব দিকে এগোচ্ছিল, তবে এরপরের অবস্থান সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই রণতরীটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের দাবি, গত এপ্রিল মাসে এই রণতরীটি তাইওয়ান প্রণালি অতিক্রম করেছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা সহযোগিতার পাল্টা পদক্ষেপ হিসেবেই পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন তাদের সামুদ্রিক তৎপরতা ও মহড়া বৃদ্ধি করেছে।
ফিলিপাইনের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।



0 মন্তব্যসমূহ