ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা বা পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাস হয়, যা চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদেও অনুমোদিত হয়েছিল।
সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও চারজন রক্ষণশীল সদস্য দলীয় অবস্থানের বাইরে গিয়ে এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। দলত্যাগকারী এই সদস্যরা হলেন লুইজিয়ানার বিল ক্যাসিডি, আলাস্কার লিসা মুরকোস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র্যান্ড পল। অন্যদিকে, কেন্টাকির মিচ ম্যাককনেল এবং পেনসিলভেনিয়ার ডেভ ম্যাককর্মিক ভোটদান থেকে বিরত ছিলেন।
১৯৭৩ সালে যুদ্ধ ক্ষমতা প্রস্তাব প্রণয়নের পর এই প্রথম মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ কোনো প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে একটি যুগপৎ প্রস্তাব অনুমোদন করল। তবে এই প্রচেষ্টাটি মূলত প্রতীকী এবং এটি সরাসরি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। কারণ প্রস্তাবটি ট্রাম্পের বিবেচনার জন্য পাঠানো হবে না এবং এর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই।
ইরানের সাথে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে রিপাবলিকানদের একাংশের সংশয় এবং দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালে ইয়েমেন যুদ্ধ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের একটি যৌথ প্রস্তাবে ভেটো দিয়েছিলেন ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত করতে মার্কিন সিনেটে ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদিত এই প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরবর্তী পদক্ষেপের আগে অনুমতির আহ্বান জানানো হয়।



0 মন্তব্যসমূহ