গাজীপুরের শ্রীপুরে নাশকতার আশঙ্কায় পুলিশ কর্তৃক আটক হওয়া ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে নিজেদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। সোমবার (২২ জুন) দুপুরে শ্রীপুর থানায় মুচলেকা প্রদানের মাধ্যমে তাকে থানা হেফাজত থেকে মুক্ত করা হয়। এর আগে রোববার দিবাগত রাতে পুলিশ তাকে আটক করেছিল।
মুক্ত হওয়া ওই ব্যক্তির নাম মো. লোকমান হোসেন (৫৫)। তিনি শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। লোকমান হোসেন ওই ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। তাকে ছাড়িয়ে নেওয়ার প্রক্রিয়ায় সরাসরি অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার। তারা সবাই থানা হেফাজতে দেওয়া মুচলেকায় স্বাক্ষর করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরাজকতা সৃষ্টির আশঙ্কায় চিহ্নিত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। লোকমান হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি ও কমিটির তালিকা পাওয়ার পর তাকে আটক করা হয়েছিল। তবে আটকের পর বিএনপি নেতারা তাকে নিজেদের কর্মী দাবি করে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ দাবি করেন, লোকমান হোসেন আগে আওয়ামী লীগ করলেও গত ২৪ আগস্টের পর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, লোকমান হোসেন বর্তমানে বিএনপির সক্রিয় কর্মী এবং গত সংসদ নির্বাচনেও দলের পক্ষে কাজ করেছেন। একটি কুচক্রী মহল ভুল তথ্য দিয়ে তাকে পুলিশ দিয়ে আটক করিয়েছিল। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানিয়েছেন, তিনি পুরো ঘটনার খোঁজখবর নিচ্ছেন।
গাজীপুরের শ্রীপুরে নাশকতার আশঙ্কায় আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন বিএনপি নেতারা। ১৩ ঘণ্টা পর মুচলেকা দিয়ে তাকে থানা হেফাজত থেকে মুক্ত করা হয়।



0 মন্তব্যসমূহ