আগামী ২৭ জুনের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ জুন ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নুর-উন-নবী মানিক এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ এবং অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নুর-উন-নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে একটি পেশাদার ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি। একইসঙ্গে তিনি ব্যাংকটির প্রকৃত মালিকদের কাছে মালিকানা হস্তান্তর, ব্যাংক লুটেরাদের বিচার নিশ্চিত করা, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।
সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে— অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাধীন পর্ষদ গঠন, ব্যাংক লুটপাটের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ইসলামী ব্যাংকবিরোধী অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ এবং ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত বিধান সংশোধন।
অধ্যাপক নুর-উন-নবী মানিক আরও উল্লেখ করেন যে, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির সম্পদ নয়, বরং এটি কোটি কোটি গ্রাহকের আমানত ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। তাই গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আল্টিমেটাম অনুযায়ী অগ্রগতি না হলে ২৮ জুন সকাল ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে আল্টিমেটাম দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। ২৭ জুনের মধ্যে দাবি না মানলে ২৮ জুন বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ