গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কিছু যানবাহন আটকা পড়ে। প্রায় আধ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই বিক্ষোভের ভিডিওটি শেয়ার করেছেন। জানা যায়, গত ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অজ্ঞাত ব্যক্তিরা কালি লেপন করে। পরবর্তী সময়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ম্যুরালটি পরিষ্কার করেন। এই ঘটনার প্রতিবাদেই সোমবারের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে চলে যান। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাটি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।



0 মন্তব্যসমূহ