চাঁদপুরের মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই তদারকি অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের দায়ে তাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন ও নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে। এ সময় জব্দকৃত পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এমন অনিয়ম না করার প্রতিশ্রুতি দেন। অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়। এই অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরের বিভিন্ন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



0 মন্তব্যসমূহ