Recents in Beach

ব্রেকিং নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কর্মশালা

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা সরকারি প্রণোদনা এবং সমপরিমাণ ১০ লাখ টাকা ঋণসুবিধাসহ মোট ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থায়নের বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে উদ্যোগ শিরোনামে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি শীর্ষক এই প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় একশ শিক্ষার্থী অংশ নেন। ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন। মতবিনিময় সভায় তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, উদ্যোগের ধরন, অর্থায়ন প্রক্রিয়া, উদ্যোক্তা হওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংকঋণ পরিশোধের নিয়মাবলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, দেশের প্রাণ হলো তরুণরা। তাঁদের দক্ষ জনশক্তি ও মানবসম্পদে রূপান্তর করতে পারলে তাঁদের নেতৃত্বেই দেশের অর্থনীতি উন্নত হবে। পড়াশোনা শেষ করেই চাকরির পেছনে ছুটে তরুণদের কর্মজীবনের মূল্যবান সময় নষ্ট হয় উল্লেখ করে তিনি বলেন, যাঁরা কাজ করবেন, তাঁদের সম্মান ও মূল্যায়ন করতে হবে। অলস সময় কাটালে তরুণদের বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার প্রবণতা তৈরি হতে পারে বলে মন্তব্য করে তিনি উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার পথ আরও সহজ করার ওপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম মৌলিক লক্ষ্য। বেকারত্ব দেশের অর্থনীতিকে শিথিল করে দেয় উল্লেখ করে তিনি জানান, দেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার রয়েছেন। শিক্ষকদের দায়িত্ব গ্র্যাজুয়েটদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। তিনি আরও বলেন, যাঁরা উদ্যোক্তা হবেন, তাঁদের ক্যাম্পাসে বিনা ভাড়ায় জমি দেওয়া হবে। নতুন ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা, ওয়াটার প্ল্যান্ট স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও ব্যবসা চালুর সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকদের উদ্দেশে উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে চক্রবৃদ্ধি হারে সুদ অন্যতম প্রধান বাধা। ঋণের সুদ যেন সহজলভ্য ও সহনীয় হয়, সে বিষয়ে তিনি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, সরকারের নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় তফসিলি ব্যাংকের মাধ্যমে তরুণ-তরুণীদের স্বাবলম্বী করার এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উপস্থিত ব্যাংকের কর্মকর্তাদের প্রতি তিনি অনুরোধ জানান, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে প্রণোদনা ও ঋণ পেতে পারেন এবং তাঁরা যেন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেন।

সংক্ষেপে:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কর্মশালা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ