বিশ্বব্যাপী পথচলার গল্প, অভিজ্ঞতা ও ধর্মীয় দিকনির্দেশনা বিনিময়ের লক্ষ্যেই গত ২২ থেকে ২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশ-বিদেশের বরেণ্য আলেম ও ইসলামি অর্থনীতিবিদদের এক মিলনমেলা। রাজধানীর একটি হোটেলে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬ এর মূল আসর। সিটি ইসলামিকের উপস্থাপনায়, আইএফএ কনসালটেন্সি ও এডিএল গ্রুপের যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণী সংস্থা আউফির সহযোগিতায় এই সম্মেলন আয়োজিত হয়। এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ: স্কেলিং শরিয়াহ-কমপ্লায়েন্ট ফাইন্যান্স ইন বাংলাদেশ। সম্মেলনে ধর্মীয় মূলনীতির ওপর আলোকপাত করে পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব শায়খ মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি বলেন, ইসলাম শুধু কিছু ব্যক্তিগত আচারসর্বস্ব ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তিনি উল্লেখ করেন, বর্তমান ইসলামি ব্যাংকিং ব্যবস্থা শতভাগ পূর্ণতায় না পৌঁছলেও এটি সঠিক পথে একটি প্রশংসনীয় পদক্ষেপ। সম্মেলনে উদ্বোধকের বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে বিশ্বখ্যাত শরিয়াহ স্কলার শায়খ ড. মোহাম্মদ আলী এলগারি, ড. ফাহদ আল-শাগদারি, মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম, মুফতি আবদুল্লাহ মাসুমসহ বাংলাদেশ ও ছয়টি দেশের প্রায় চারশ প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বিশ্বের পাঁচটি ভিন্ন অঞ্চলের সুদমুক্ত অর্থব্যবস্থা গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাকিস্তানের রূপান্তরের লড়াইয়ের কথা তুলে ধরে শায়ান আহমেদ বেগ জানান, ২০২৮ সালের মধ্যে পুরো দেশের অর্থব্যবস্থাকে সুদমুক্ত করার পথে হাঁটছে পাকিস্তান। উজবেকিস্তানের প্রতিনিধি মুজাফফর খুশনিদিনভ জানান, দীর্ঘ পাঁচ বছরের প্রস্তুতির পর দেশটিতে প্রথমবারের মতো ইসলামি ব্যাংকিং আইন পাস হয়েছে এবং ওয়াকফ ও তাকাফুল ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ সালিহিন দেরিস কেন্দ্রীয় শরিয়াহ পরিষদের মাধ্যমে মতপার্থক্য নিরসনের কথা জানান। আফ্রিকার ২৮টি দেশে সুদমুক্ত অর্থায়নের চিত্র তুলে ধরে ড. হাবিবুল্লাহ জাকারিয়া জানান, নাইজেরিয়ায় সুকুক বন্ডের মাধ্যমে রাস্তাঘাট তৈরি হচ্ছে এবং সেনেগাল ও তানজানিয়ায় ক্ষুদ্রঋণ কাজ করছে। মালদ্বীপের প্রতিনিধি হারিজ সুলাইমান জানান, বিশ বছরের প্রচেষ্টায় তাদের দেশ সুদমুক্ত অর্থব্যবস্থায় শীর্ষ সারিতে জায়গা করে নিয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, ইসলামি অর্থনীতির সাফল্য শুধু বড় বড় অট্টালিকা বা সম্পদের অঙ্কে মাপা যাবে না, এর সার্থকতা প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মধ্যে। এ জন্য ব্যাংকিংয়ের পাশাপাশি জাকাত, ওয়াকফ ও সদকার মতো সামাজিক কল্যাণমূলক ব্যবস্থাগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় যুক্ত করার আহ্বান জানানো হয়।
ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ইসলামি অর্থনীতিবিদদের সম্মেলন। সুদমুক্ত অর্থব্যবস্থা গড়ার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এতে অংশ নেন।



0 মন্তব্যসমূহ