রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া আজিমুশশান ইসলাহী ইজতেমা সফল করার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো একটি যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী এবং সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম। বিবৃতিতে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দীর্ঘদিনের ইসলাহী কার্যক্রমের প্রশংসা করে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী উল্লেখ করেন যে, মুজাহিদে মিল্লাত আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠনটি গত আট দশকেরও বেশি সময় ধরে দেশের মুসলিম জনসাধারণের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করে চলেছে। এছাড়া যেকোনো জাতীয় দুর্যোগ ও সংকটে আর্তমানবতার সেবায় সংগঠনটির অবদান সর্বমহলে সমাদৃত হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চরিত্রবান ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের কোনো বিকল্প নেই। সোহরাওয়ার্দী উদ্যানের এই ঐতিহাসিক ইজতেমা মানুষের মাঝে নীতি-নৈতিকতা ও তাকওয়ার চেতনা জাগ্রত করবে, যা সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে, সংগঠনের সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম তার বিবৃতিতে বলেন, ইসলাহী ইজতেমার আয়োজক, দেশ ও বিদেশ থেকে আমন্ত্রিত শীর্ষ ওলামায়ে কেরাম এবং সমবেত মুসল্লিদের আন্তরিক প্রচেষ্টাকে আল্লাহ তায়ালা যেন কবুল করেন। তারা এই মহা সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই আজিমুশশান ইজতেমা অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এর আধ্যাত্মিক বার্তার মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ সাধিত হবে। ইজতেমা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই আয়োজন সার্থক হয়ে উঠবে।
সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহী ইজতেমা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।



0 মন্তব্যসমূহ