প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার ১ অক্টোবর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়কের এই অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ২৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচির মধ্যে রয়েছে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে আটটায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে সেচ প্রকল্পের কাজ উদ্বোধন শেষে তিনি ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বিকেল তিনটায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার এক হাজার ৭৭৮ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করা হবে। নিরাপত্তার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এক হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ফেনী গমণের পথে কুমিল্লার অংশে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও রাখা হয়েছে। এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রাস্তার দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে কুমিল্লা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ফেনী সফরে তারেক রহমান। তার সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।



0 মন্তব্যসমূহ