বাংলাদেশে কর্মরত সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে একটি সমন্বিত ও কার্যকর রেফারেল ব্যবস্থা বা সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সোমবার রাজধানীর একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক জাতীয় সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। সেমিনারে ‘বাংলাদেশে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য সহায়তা সেবার ম্যাপিং এবং একটি রেফারেল ব্যবস্থা প্রস্তাব’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
গবেষণায় দেখা গেছে, দেশে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য আইনি, মনঃসামাজিক এবং ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন সেবা বিদ্যমান থাকলেও প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে কাজ করছে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত সেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘ফ্রিডম’ প্রকল্পের আওতায় এই গবেষণাটি পরিচালিত হয়, যার নেতৃত্বে রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল এবং বাস্তবায়নে রয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনের সঙ্গে তরুণদের দায়িত্বশীলভাবে মানিয়ে নিতে হবে এবং প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা বলেন, হুমকির মুখে পড়লে কোনো সাংবাদিক বা মানবাধিকারকর্মী যেন সহায়তা পাওয়ার জায়গা নিয়ে দ্বিধায় না থাকেন, সে জন্য সুনির্দিষ্ট যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন।
আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিয়ে এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, অপতথ্য ও ডিজিটাল হয়রানি মোকাবিলায় নাগরিকদের সচেতন হতে হবে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে সতর্ক করেন এবং গণমাধ্যম সাক্ষরতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস অভিযোগের ক্ষেত্রে দ্রুত আইনি ব্যবস্থা ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সুরক্ষায় দেশে বিদ্যমান সেবাগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান।



0 মন্তব্যসমূহ