ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান জানিয়েছেন যে গত বছর ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ড্রোন আঘাত হেনেছিল। তবে তিনি দাবি করেছেন, এই হামলাটি পূর্বপরিকল্পিত ছিল না। কিরানা হিলস এলাকাটি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় এই ঘটনাটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারের একটি অনুষ্ঠানে জেনারেল চৌহান জানান, ভারতের একটি ‘লোইটারিং মিউনিশন’ বা লক্ষ্যভেদী ড্রোন সারগোধা ও কিরানা হিলস এলাকায় রাডার শনাক্ত করার কাজ করছিল। ড্রোনটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কিরানা হিলসের একটি স্থাপনায় আছড়ে পড়ে। তিনি আরও স্পষ্ট করেন যে, ভারতের মূল লক্ষ্য ছিল রাডার ধ্বংস করা, পাকিস্তানের পারমাণবিক স্থাপনা নয়।
জেনারেল চৌহানের তথ্য অনুযায়ী, ড্রোনগুলো প্রায় দুই ঘণ্টা পর্যন্ত আকাশে ঘুরে লক্ষ্যবস্তু খুঁজতে সক্ষম। নির্ধারিত সময়ে লক্ষ্য না পেলে সেগুলো অন্য কোথাও আঘাত করতে পারে। অপারেশন সিঁদুরের সময় বিমানবাহিনীর তৎকালীন ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এ কে ভারতীও একই ধরনের তথ্য দিয়েছিলেন।
এছাড়া জেনারেল চৌহান জানান, ওই অভিযানের সময় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্কারদুতেও হামলার পরিকল্পনা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেই অভিযান বাতিল করে বিকল্প হিসেবে ভোলারিকে লক্ষ্যবস্তু করা হয়।
গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় ড্রোনের আঘাতের বিষয়ে মুখ খুলেছেন সাবেক সিডিএস জেনারেল অনিল চৌহান। তিনি জানান, জ্বালানি শেষ হওয়ায় ড্রোনটি সেখানে অনিচ্ছাকৃতভাবে আঘাত হানে।



0 মন্তব্যসমূহ