সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে বর্তমান ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জেসি বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জ্বালানি খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ও ফ্যাসিবাদমুক্ত করতে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যা আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।
প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন ও নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন, যা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ খাতে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মুন্সীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



0 মন্তব্যসমূহ