Recents in Beach

ব্রেকিং নিউজ

উত্তাল সাগরে জীবনের ঝুঁকি নিয়ে মুমূর্ষু বৃদ্ধাকে স্পিডবোটে চট্টগ্রাম নিলেন স্বজনরা

উত্তাল সাগরে জীবনের ঝুঁকি নিয়ে মুমূর্ষু বৃদ্ধাকে স্পিডবোটে চট্টগ্রাম নিলেন স্বজনরা

সন্দ্বীপে জরুরি রোগী পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উত্তাল সাগরে জীবনের ঝুঁকি নিয়ে এক মুমূর্ষু বৃদ্ধাকে স্পিডবোটে করে চট্টগ্রাম শহরে নিয়ে এসেছেন তার স্বজনরা। রোববার সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আসার পথে ধারণ করা এই ঝুঁকিপূর্ণ যাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ভুক্তভোগী বৃদ্ধার নাম রওশন আরা বেগম (৮০)। তিনি সন্দ্বীপ পৌরসভার তালতলি বাজার সংলগ্ন ছটাই বাড়ির বাসিন্দা। তার ছেলে জাহাঙ্গীর কবির জানান, মা দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগী। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রামে স্থানান্তরের পরামর্শ দেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ৩ নম্বর সতর্কসংকেত চলায় সাগর ছিল উত্তাল। এর মধ্যেই প্রবল বৃষ্টির মধ্যে নাকে অক্সিজেনের নল ও পাশে সিলিন্ডার নিয়ে স্পিডবোটে করে রওনা হন তারা। বৃষ্টির পানি থেকে বাঁচাতে বৃদ্ধাকে পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হলেও বাতাসের কারণে তা বারবার সরে যাচ্ছিল। প্রায় চার ঘণ্টার দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রা শেষে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও তিনি আশঙ্কামুক্ত নন।

জাহাঙ্গীর কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি চিকিৎসায় রোগী পারাপারের কোনো বিশেষ সহায়তা তারা পাননি। সাধারণ যাত্রীদের সঙ্গেই ঝুঁকি নিয়ে তাদের সাগর পাড়ি দিতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দ্বীপে জরুরি রোগী পারাপারের জন্য দুটি সি-অ্যাম্বুলেন্স থাকলেও সেগুলো দীর্ঘদিন ধরে অচল। একটি ২০০৮ সাল থেকে এবং অন্যটি ২০১৫ সাল থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস সি-অ্যাম্বুলেন্সগুলো অচল থাকার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন সি-অ্যাম্বুলেন্সের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো কোনো সাড়া মেলেনি।

সংক্ষেপে:
সন্দ্বীপে সি-অ্যাম্বুলেন্স অচল থাকায় উত্তাল সাগরে জীবনের ঝুঁকি নিয়ে মুমূর্ষু বৃদ্ধাকে স্পিডবোটে চট্টগ্রাম নিলেন স্বজনরা। বৃষ্টির মধ্যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এই ঝুঁকিপূর্ণ যাত্রার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
উত্তাল সাগরে জীবনের ঝুঁকি নিয়ে মুমূর্ষু বৃদ্ধাকে স্পিডবোটে চট্টগ্রাম নিলেন স্বজনরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ