জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বৃহস্পতিবার রাতে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন বৈষম্য ও অসহযোগিতার অভিযোগ তুলে ধরেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
জামায়াতে ইসলামীর এই নেতা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই বিরোধী দলের বক্তব্যকে উপেক্ষা করেন এবং তুচ্ছতাচ্ছিল্য করে জবাব দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে রাখা উচিত তিনি শাহবাগ আন্দোলনের ফসল, অথচ আজ তিনি সেই আন্দোলনের চেতনা ভুলে বিরোধী দলকে অবজ্ঞা করছেন। তাহের আরও দাবি করেন, বর্তমান সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে এলেও উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করছে। তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের নিজস্ব লোকজনকে ফান্ডের সুবিধা দিচ্ছে, যা চরম বৈষম্য।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় উপনেতা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জরুরি অধিবেশন ডাকার অনুরোধ করা হলেও সরকার তা উপেক্ষা করেছে। দুর্নীতির প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির সমালোচনা করে বলেন, বাস্তবে দুর্নীতির হার বহুগুণ বেড়েছে। চাঁদাবাজি ও দুর্নীতির এই চিত্র প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্পিকার সংসদে সরকারি দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন। তিনি বলেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলো আলোচনার সুযোগ না দিয়ে সরকার একতরফাভাবে পাস করে নিচ্ছে, যা সংসদীয় স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ। বিরোধী দল এই প্রক্রিয়ার অংশ হতে চায় না বলেই সংসদ বর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ও সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। উন্নয়ন বরাদ্দ না দেওয়া এবং একতরফা বিল পাসের অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় উপনেতা।



0 মন্তব্যসমূহ