সোমবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্নফাঁস রোধে কঠোর আইন পাসের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে যন্তরমন্তরে ছাত্র আন্দোলনে পুলিশি বলপ্রয়োগের ইস্যু তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোণঠাসা করার প্রস্তুতি নিয়েছে বিরোধী শিবির। লোকসভায় আজ ‘দ্য পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করা হচ্ছে। এই বিলের মাধ্যমে পরীক্ষা জালিয়াতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করতে চায় সরকার।
অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত ২০ জুলাই যন্তরমন্তরে ছাত্র-যুবদের বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। রাহুলের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জের পাশাপাশি পেলেট গান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। তিনি আহত ছাত্র শাহিল লোচাবের চিকিৎসার নথি ও শরীরে আঘাতের চিহ্ন উল্লেখ করে দাবি করেছেন যে, সরকার প্রকৃত সত্য গোপন করছে। চিঠিতে রাহুল গান্ধী সরাসরি জানতে চেয়েছেন, কার নির্দেশে ছাত্রদের বিরুদ্ধে এই প্রাণঘাতী বলপ্রয়োগ করা হয়েছে এবং সাদা পোশাকে লাঠিচার্জ করা ব্যক্তিরা কারা ছিল।
নিরাপত্তা সূত্র অনুযায়ী, সিআরপিএফের একটি অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠকে শান্তিপূর্ণ বিক্ষোভে পেলেট গান ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের পরিস্থিতিতে পেলেট গান ব্যবহার না করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে আসন্ন স্বাধীনতা দিবস ও সংসদ অধিবেশন ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশের হিন্ডন বিমানবন্দর হয়ে আরও ১৬ কোম্পানি অতিরিক্ত বাহিনী রাজধানীতে মোতায়েন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় বিতর্ক ও প্রশাসনিক জবাবদিহিতার লড়াইয়ে সোমবারের অধিবেশন বেশ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্নফাঁস রোধে কঠোর বিল পাস করতে চায় সরকার। অন্যদিকে ছাত্র আন্দোলনে পুলিশি অ্যাকশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি দাবি করেছেন রাহুল গান্ধী। উত্তপ্ত হতে পারে সংসদ অধিবেশন।



0 মন্তব্যসমূহ