দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ ও নিরাপদ করতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) পূর্বাচল নতুন শহরের নীলা মার্কেট পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিদর্শনকালে গভর্নর মো. মুস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি নেই এবং পণ্যের সঠিক মূল্য পরিশোধ করা অনেক সহজ হয়। তিনি ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই এই আধুনিক পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান।
গভর্নর আরও উল্লেখ করেন যে, একটি ক্যাশলেস বা নগদবিহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্য হারে কমবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তবে এই লক্ষ্য অর্জনে ক্রেতা ও বিক্রেতা সবার মধ্যে সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, সরকার প্রযুক্তি ও পদ্ধতি সরবরাহ করবে, কিন্তু এর সফল বাস্তবায়নের জন্য জনগণের সদিচ্ছা ও সামাজিক সচেতনতা অপরিহার্য। শুরুতে নতুন পদ্ধতিতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগলেও সবার অংশগ্রহণে এটি সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারণার অংশ হিসেবে গভর্নর নিজে পণ্য ক্রয় করে বাংলা কিউআর-এর মাধ্যমে বিল পরিশোধ করেন, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যাশলেস সমাজ গড়তে ও দুর্নীতি কমাতে কেনাকাটায় বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান। পূর্বাচলে এক প্রচারণায় তিনি নিজে কিউআর কোডে বিল পরিশোধ করেন।



0 মন্তব্যসমূহ