বাংলাদেশের চলমান তীব্র গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই আহ্বান জানানো হয়। ফোনালাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, সমস্যার গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি আজ কুয়ালালামপুরে হস্তান্তর করেছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। এরপর আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা চান।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে তার দেশ এবং সরকারের পক্ষ থেকে এই সংকট নিরসনে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি রয়েছে তা কমিয়ে আনতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ নিয়ে কাজ করছে সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপে দ্রুত সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।



0 মন্তব্যসমূহ