জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড ও সরকারি লোগো ব্যবহার করে একটি জাল আধা সরকারি (ডিও) পত্র তৈরির ঘটনা ঘটেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, এই ভুয়া চিঠিতে জাল স্মারক নম্বর ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করার মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে।
সংসদ সচিবালয় স্পষ্ট করেছে যে, আলোচিত এই চিঠিটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ভুয়া ওই চিঠিতে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বদলির আদেশ বাতিল করে তাকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলির সুপারিশ করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদের নাম, লোগো বা সরকারি পরিচয় জাল করা একটি দণ্ডনীয় অপরাধ। এই জালিয়াতির ঘটনা জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি চিঠি পাওয়া গেলে তার সত্যতা যাচাই করতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সর্বসাধারণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও প্যাড জাল করে ভুয়া ডিও লেটার তৈরির ঘটনায় সতর্কবার্তা দিয়েছে সংসদ সচিবালয়। কোনো চিঠির সত্যতা যাচাইয়ে সচিবালয়ের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



0 মন্তব্যসমূহ