ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে একটি স্ক্র্যাপবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ফৌজদারহাট পদচারী–সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে লরিটির সামনের কেবিন অংশটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাশেম জানান, লরিটি চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ বোঝাই করে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত একেএস স্টিল মিলের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট পদচারী-সেতুতে ওঠার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ লরিটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লরিটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার স্বার্থে ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে একটি লেন সচল করা হয়।
এদিকে আবুল খায়ের গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইমরুল কাদের ভূঁইয়া জানান, বন্দর থেকে স্ক্র্যাপ নিয়ে গাড়িটি কারখানার উদ্দেশ্যে আসছিল। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে কারখানা থেকে প্রকৌশলী পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ডের ফৌজদারহাটে স্ক্র্যাপবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কেবিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।



0 মন্তব্যসমূহ