যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টানা দুই দিন ইরানে কোনো বিমান হামলা না হওয়ায় মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণ সাময়িকভাবে স্থগিত করেছে তেহরান। গত প্রায় দুই সপ্তাহ ধরে চলা ধারাবাহিক সংঘাতের পর বর্তমানে দুই দেশের সামরিক তৎপরতায় একটি সাময়িক বিরতি লক্ষ্য করা যাচ্ছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার খবরটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, বর্তমানে আমেরিকার কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে তিনি অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র আগের আলোচনা প্রক্রিয়ায় বিশ্বাসভঙ্গ করেছিল। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও তীব্র হয়েছে। নাবলুস, রামাল্লাহ, হেবরন ও জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দুই দিন মার্কিন হামলা না হওয়ায় পাল্টা আক্রমণ সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান। এদিকে গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে।



0 মন্তব্যসমূহ