ভারতের জনপ্রিয় সংগীত রিয়ালিটি শো 'ইন্ডিয়ান আইডল সিজন ১৬'-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মুকুট পরেছেন ওড়িশার ভুবনেশ্বরের ২৪ বছর বয়সী গায়িকা জ্যোতির্ময়ী নায়ক। দীর্ঘ কয়েক মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হিসেবে তার নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ লাখ টাকার চেক ও একটি ট্রফি। এর মাধ্যমে প্রথম ওড়িয়া প্রতিযোগী হিসেবে ইন্ডিয়ান আইডলের শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়লেন তিনি। চূড়ান্ত পর্বে তিনি অংশিকা চোনকর, মনরাজ বীর সিং, সুহাইল সুফি, মিসমি বসু এবং তনিষ্ক শুক্লার মতো প্রতিভাবান প্রতিযোগীদের হারিয়ে এই সাফল্য পান। জয়ের পর এক প্রতিক্রিয়ায় জ্যোতির্ময়ী জানান, এই প্রাপ্তি তার কাছে স্বপ্নের মতো এবং এর জন্য তিনি বিচারক, পরিবার ও দর্শকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে বলিউডে প্লেব্যাক গায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের জন্য গান গাওয়া তার বড় স্বপ্ন। পুরো আসরে শাস্ত্রীয় ও আধুনিক গানে পারদর্শিতা দেখানো এই শিল্পী এখন বড় পর্দায় নিজের কণ্ঠ পৌঁছে দিতে নিরলস কাজ করে যেতে চান।
ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর চ্যাম্পিয়ন হলেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক। প্রথম ওড়িয়া হিসেবে এই শিরোপা জিতে ইতিহাস গড়েছেন তিনি। ট্রফির পাশাপাশি ২০ লাখ টাকা পুরস্কার জিতেছেন এই তরুণী।



0 মন্তব্যসমূহ